পড়তে বসার আগে যে ৫টি কাজ অবশ্যই করা উচিৎ

পড়তে বসার আগে যে ৫টি কাজ অবশ্যই করা উচিৎ
পড়ার টেবিল: বই, খাতা ও চশমা

পড়তে বসার আগে যে ৫টি কাজ অবশ্যই করা উচিৎ

ছোট কিছু প্রস্তুতি যা আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা এবং শেখার প্রক্রিয়াকে বদলে দিতে পারে।

আমরা অনেকেই পড়তে বসার পর সহজে মনোযোগ ধরে রাখতে পারি না। কিন্তু পড়তে বসার ঠিক আগে কিছু ছোট প্রস্তুতি আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা এবং শেখার প্রক্রিয়াকে বদলে দিতে পারে। নিচের ৫টি অভ্যাস আপনার পড়ার মান ও গভীরতা বাড়াতে সাহায্য করবে।

১. পরিবেশ তৈরি করুন (Environmental Priming)

আপনার পড়ার টেবিল যদি অগোছালো থাকে, তাহলে মস্তিষ্ক অবচেতনভাবেই সেই অগোছালো তথ্যের ভিড়ে খেই হারিয়ে ফেলে। পড়তে বসার আগে টেবিলটা পরিষ্কার করে নেওয়া মস্তিষ্ককে সিগন্যাল দেয় যে আপনি এখন একটি গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছেন। এছাড়া রুমে পর্যাপ্ত আলো এবং সঠিক তাপমাত্রা আপনার মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।

২. একটি পড়ার রিচুয়াল তৈরি করুন (Study Ritual)

পড়তে বসার আগে প্রতিদিন একটি নির্দিষ্ট কাজ করা (যেমন এক গ্লাস পানি খাওয়া, গভীর শ্বাস নেওয়া বা অজু করে নেওয়া) আপনার মস্তিষ্কের স্নায়বিক উত্তেজনা কমিয়ে দেয়। এই ছোট রিচুয়াল নতুন কিছু শেখার জন্য আপনাকে প্রস্তুত করে। একসময় এমন হবে, যখনই আপনি এই রিচুয়াল ফলো করবেন, আপনার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে পড়ার জন্য প্রস্তুত হয়ে যাবে।

৩. মস্তিষ্ককে প্রাইম করুন (Brain Priming)

সরাসরি কোনো কঠিন চ্যাপ্টার দিয়ে শুরু না করে আগের দিনের পড়ার ওপর বা সহজ কোনো বিষয়ে একবার চোখ বুলিয়ে নিন, অথবা আজকের পড়ার মূল পয়েন্টগুলো দেখে নিন। এতে মস্তিষ্ক আগের তথ্যের সাথে নতুন তথ্যের যোগসূত্র তৈরি করতে পারে। ফলে শেখার প্রক্রিয়া তুলনামূলক সহজ হয়ে যায়। কঠিন কিছু দিয়ে শুরু করলে মস্তিষ্ক প্রথমেই ডিফেন্সিভ মুডে চলে যেতে পারে।

৪. ডিজিটাল ডিস্ট্রাকশন দূর করুন

আপনার ফোন চোখের আড়ালে রাখা বা সাইলেন্ট মোডে রাখা মনোযোগের গভীরতা বাড়াতে সাহায্য করে। কারণ, একটি নোটিফিকেশন মনোযোগ ভেঙে দিলে পুনরায় সেই গভীরতায় ফিরে যেতে মস্তিষ্কের অনেক সময় লাগে। এই কাজের জন্য বিভিন্ন ধরনের অ্যাপস পাওয়া যায় (যেমন Keep Me Out), যেগুলোর মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য ফোন লক করে রাখা যায়। যখন ফোন নির্দিষ্ট সময়ের জন্য লক থাকবে, তখন মস্তিষ্ক বুঝে নেবে যে এখন ফোনের দিকে ফোকাস করে লাভ নেই। ল্যাপটপে কাজ করলে অপ্রয়োজনীয় ওয়েবসাইট ব্লক করে রাখতে পারেন।

৫. হাইড্রেটেড থাকুন

মস্তিষ্কের বড় একটি অংশই পানি। পড়তে বসার আগে একটু পানি পান করা স্মৃতিশক্তি এবং মনোযোগ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পানির অভাব শেখার গতি কমিয়ে দিতে পারে। তাই পড়া শুরু করার আগে এক গ্লাস পানি খেতে ভুলবেন না।

ছোট ছোট এই অভ্যাসগুলো আপনার পড়ার অভিজ্ঞতা বদলে দিতে পারে। আজ থেকেই শুরু করুন, এবং দেখুন আপনার মনোযোগ ও শেখার ক্ষমতা কতটা বেড়ে যায়।

লেখক Md. Rafsan

মো. রাফছান একজন লেখক, কলামিস্ট, সংগঠক ও গ্রাফিক্স ডিজাইনার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স-এর শিক্ষার্থী এবং তরুণ কলাম লেখক ফোরাম, চবি-র প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা। সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে তরুণদের সঙ্গে কাজ করছেন। সঠিক তথ্য, সচেতনতা এবং সহযোগিতার মাধ্যমে একটি সমতা ও মানবিকতা-ভিত্তিক সমাজ গড়াই তাঁর মূল উদ্দেশ্য।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন