R, SPSS, STATA, Python নাকি NVivo?
ডেটা এনালাইসিসের দুনিয়ায় পা রাখার আগে একটা কথা আমি সবসময় বলি, সফটওয়্যার হলো কেবল একটা টুল বা মাধ্যম, আসল বিষয় কিন্তু পরিসংখ্যানে। পরিসংখ্যানের বেসিক জ্ঞান না থাকলে পৃথিবীর সবচেয়ে দামী সফটওয়্যার দিয়েও আপনি ভুলভাল আউটপুট বের করবেন। তাই আগে পরিসংখ্যান বুঝুন, এরপর বাকি আলোচনা।
সহজ উদাহরণ দিয়ে শুরু করি
ধরুন, আপনি ২ আর ৩ যোগ করবেন। এটার জন্য একটা সাধারণ পকেট ক্যালকুলেটরই যথেষ্ট। এর জন্য নিশ্চয়ই আপনার সায়েন্টিফিক বা হাই-কনফিগারেশনের সফটওয়্যার ওপেন করার কোনো দরকার নেই। ঠিক একইভাবে, আপনি যদি সাধারণ একটা লিনিয়ার রিগ্রেশন এনালাইসিস বা বেসিক ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করতে চান, তবে SPSS আপনার জন্য মোর দ্যান এনাফ। এর জন্য কষ্ট করে কোডিং শিখে R বা STATA তে যাওয়ার খুব একটা প্রয়োজন নেই।
SPSS: বেসিক এনালাইসিসের সেরা বন্ধু
আপনি যদি সাধারণ লিনিয়ার রিগ্রেশন, টি-টেস্ট, আনোভা বা বেসিক ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করতে চান, তাহলে SPSS-ই যথেষ্ট। এটি ব্যবহার করা সহজ, কোডিং জানার দরকার নেই, এবং দ্রুত ফলাফল পাওয়া যায়। আপনার পেপারের জন্য বেসিক এনালাইসিস হলে SPSS দিয়েই কাজ শেষ।
R / MATLAB: অ্যাডভান্সড ভিজুয়ালাইজেশন ও কমপ্লেক্স ডেটা
কিন্তু আপনি যখন চাইবেন আপনার পেপারের জন্য দারুণ সব ভিজুয়ালাইজেশন তৈরি করতে, কিংবা কমপ্লেক্স ডেটা ম্যানিপুলেশন করতে তখন আবার SPSS এর চেয়ে R Studio বা MATLAB আপনাকে অনেক বেশি সুবিধা দেবে। R-এ ggplot2-এর মতো প্যাকেজ দিয়ে আপনি কাস্টমাইজড, পাবলিকেশন-রেডি গ্রাফ তৈরি করতে পারেন। জটিল ডেটা ট্রান্সফরমেশনও R-এ সহজ।
Python: মেশিন লার্নিং ও বিগ ডেটা
মেশিন লার্নিং বা বিগ ডেটার কাজ হলে Python-এর বিকল্প নেই। যদিও R Studio দিয়েও মেশিন লার্নিংয়ের অনেক কাজ করা যায়, কিন্তু Python-এর লাইব্রেরি (যেমন scikit-learn, TensorFlow, PyTorch) এবং কমিউনিটি সাপোর্ট এক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী। বড় ডেটাসেট নিয়ে কাজ করাও Python-এ তুলনামূলক সহজ।
NVivo: কোয়ালিটেটিভ গবেষণার সঙ্গী
এতক্ষণ তো শুধু সংখ্যার বিষয় (Quantitative Data) নিয়ে কথা বললাম। কিন্তু গবেষণায় তো সবসময় শুধু সংখ্যা থাকে না। এমন হতে পারেন আপনি বেশিভাগ সময় কোয়ালিটেটিভ রিসার্চ করেন। ধরুন, আপনার গবেষণার যদি কোয়ালিটেটিভ টাইপ হয় যেমন ইন্টারভিউ, ফোকাস গ্রুপ ডিসকাশন, ভিডিও বা বিশাল কোনো টেক্সট ডেটা নিয়ে কাজ করা। সেক্ষেত্রে কিন্তু SPSS, R Studio বা Python তেমন কাজে আসবে না বা বেশি জটিল হতে পারে। এই ধরণের কোয়ালিটেটিভ (Qualitative) ডেটা এনালাইসিসের জন্য আবার NVivo-র মতো সফটওয়্যারগুলো সব সময় সেরা।
আসল কথা
সফটওয়্যার চয়েস করতে হয় আপনার পারপাস বা উদ্দেশ্যের ওপর ভিত্তি করে। সহজ কথায়, মশা মারার জন্য কামান দাগানোর দরকার নেই। কাজের ধরণ বুঝে টুল সিলেক্ট করতে হয়। যখন যেটা দিয়ে কাজ দ্রুততম সময়ে শেষ করতে পারা যাবে তখন সেটাই ইউজ করতে হবে।
এবং বাস্তবে কাজের ক্ষেত্রে ফ্লেক্সিবল হওয়াটাই বুদ্ধিমানের কাজ। কোনো ল্যাবে যদি স্পেসিফিক কোনো সফটওয়্যার স্কিলের প্রয়োজন হয়, তখন আপনাকে সেটাই বা সিমিলার কিছু ব্যবহার করতে হবে। হয়ত সেই ল্যাবে কাজের ধরন এমন যে ঐ স্পেসিফিক সফটওয়্যারই বেশি গুরুত্বপূর্ন। এর মানে এই নয় যে বাকি গুলো কম গুরুত্বপুর্ন।
পরিসংখ্যান হলো মূল চালিকা শক্তি, সফটওয়্যার শুধু বাহন। নিজের কাজের চাহিদা বুঝে সঠিক বাহন নির্বাচন করুন, দক্ষতা অর্জন করুন, এবং গবেষণাকে করুন আরও সমৃদ্ধ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন