এল নিনো ও বাংলাদেশ: জলবায়ু পরিবর্তনের নতুন চ্যালেঞ্জ
এল নিনোর উৎপত্তি গ্রীষ্মমন্ডলীয় প্রশান্ত মহাসাগরে, যেখানে মহাসাগর এবং বায়ুমণ্ডলের মধ্যে পারস্পারিক মিথস্ক্রিয়ার ফলে জটিল জলবায়ু প্যাটার্ন সৃষ্টি হয়। এটি একটি প্রাকৃতিক আবহাওয়া চক্র যা নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রার পর্যায়ক্রমিক উষ্ণতা (এল নিনো) এবং শীতলকরণ (লা নিনা) হিসেবে পরিচিত। এল নিনোর অপ্রত্যাশিত এবং সুদূরপ্রসারী প্রভাবের কারণে বর্তমানে পৃথিবী জুড়ে নতুন সংকট সৃষ্টি হয়েছে।
🌊 এল নিনো কী এবং কীভাবে সৃষ্টি হয়?
এর প্রভাবে নিরক্ষীয় অঞ্চলের স্বাভাবিক পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হওয়া বাতাসের দিক পরিবর্তিত হয়। এল নিনোর বছরগুলোতে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক অর্থাৎ উত্তর আমেরিকার পেরু, চিলি অঞ্চল থেকে আসা বাণিজ্য বাতাসের শক্তি কমে যাওয়ার ফলে পশ্চিম তথা অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া অঞ্চল থেকে একটি অপেক্ষাকৃত উষ্ণ বায়ু প্রচুর জলীয়বাষ্প নিয়ে নিরক্ষীয় অঞ্চলের পশ্চিম থেকে পূর্ব দিকে স্থানান্তরিত হয়। ফলে আমেরিকার পেরু, চিলি অঞ্চলে প্রচন্ড বৃষ্টিপাত, বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস দেখা যায় যেখানে ঠিক একই সময়ে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া অঞ্চলে দাবদাহ, খরা ভয়াবহ আকার ধারণ করে।
🌏 এল নিনোর বৈশ্বিক প্রভাব: দুই বিপরীত মেরু
এল নিনোর বিরুপ প্রভাবে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও পার্শবর্তী অঞ্চলে ফসল নষ্ট হয়, পানির অভাব সুদৃঢ় হয় এবং দাবানল বেড়ে যায় হু হু করে। বিপরীতভাবে, আমেরিকায় তখন মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত ও বন্যা দেখা যায়, যা ঐ অঞ্চলের মানুষের জীবিকানির্বাহে ব্যাঘাত ঘটায় এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি করে, বাড়ায় খাদ্য নিরাপত্তাহীনতা। এল নিনো জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রের অসামান্য ক্ষতি সাধন করে, বিপন্ন করে জীববৈচিত্র্য। এটি প্রবাল প্রাচীর এবং বেঁচে থাকার জন্য তাদের উপর নির্ভরশীল অগণিত প্রজাতির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে।
🇧🇩 বাংলাদেশ: এল নিনোর ঝুঁকিতে একটি দেশ
বাংলাদেশ তার বিশেষ ভৌগলিক অবস্থান এবং আর্থ-সামাজিক অবস্থার কারণে এল নিনোর বিরূপ প্রভাবের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। এল নিনোর কারণে দক্ষিণ এশিয়ার গ্রীষ্মকালীন বর্ষা দুর্বল হয়, যা বাংলাদেশের কৃষি ও পানি সম্পদের জন্য অত্যাবশ্যকীয়। ফলে এই অঞ্চলে বৃষ্টিপাত কম হয়, এমনকি দেশের কিছু অংশে দেখা যায় খরা পরিস্থিতি। এল নিনো বছরগুলিতে বাংলাদেশ স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা অনুভব করে, যা এখানকার ফসলের উৎপাদনকে নানাভাবে প্রভাবিত করে।
🌾 পরিবেশগত ও কৃষি সংকট: বৃষ্টিপাত কমে, খরা বাড়ে
বাংলাদেশে এল নিনোর পরিবেশগত প্রভাব বহুমুখী এবং সুদূরপ্রসারী। বৃষ্টিপাতের স্বাভাবিক ধরণে পরিবর্তন, দেশের গড় তাপমাত্রা বৃদ্ধি, কম বৃষ্টিপাত কৃষি কার্যক্রমকে ব্যাহত করে, খাদ্য নিরাপত্তা এবং জীবিকাকে প্রভাবিত করে, বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে কৃষিই অর্থনীতির মেরুদণ্ড। এল নিনোর প্রভাবে সৃষ্ট ক্রমহ্রাসমান বৃষ্টিপাত এবং ক্রমবর্ধমান তাপমাত্রার সংমিশ্রণে বাংলাদেশে পূর্বের তুলনায় খরার ঝুঁকি বেড়েছে, কৃষি, সেচ এবং গার্হস্থ্য ব্যবহারের পাশাপাশি পান করার প্রয়োজনে ভূগর্ভস্থ জলের উপর নির্ভরশীলতা বহুগুণ বেড়েছে।
📉 আর্থ-সামাজিক প্রভাব: দারিদ্র্য ও খাদ্য নিরাপত্তাহীনতা
১৯৮৭ সালের বন্যা, ১৯৯৭ এর খরায় বাংলাদেশে এল নিনোর সক্রীয় প্রভাব লক্ষ করা যায়। ২০১৫-১৬ সালের এল নিনো বাংলাদেশে ধানের উৎপাদন কমায়, যা পরবর্তিতে সৃষ্টি হওয়া মুদ্রাস্ফীতি এবং খাদ্য ঘাটতির অন্যতম একটি কারণ। ভূমিহীন শ্রমিক এবং ক্ষুদ্র কৃষকসহ দারিদ্রসীমার নিচে বসবাস করা জনগোষ্ঠী ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা এবং ক্ষয়প্রবণ নিম্ন-উপকূলীয় অঞ্চলে এল নিনোর তীব্রতা, প্রভাব ও আকস্মিকতা মানুষের জীবন ও জীবিকা এবং বসতিগুলির জন্য বার্তি ঝুঁকি তৈরী করে। বাস্তুচ্যুত জনসংখ্যা, তীব্র আবহাওয়ায় পরিবেশগত অবনতি এবং জলবায়ু-প্ররোচিত অভিবাসন বিদ্যমান সম্পদ ও অবকাঠামোর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যা সমাজের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করে এবং একটু একটু করে নষ্ট করে সমাজের স্থিতিস্থাপকতা।
🔭 বিজ্ঞানের অগ্রগতি ও অভিযোজন কৌশল
ইদানিংকালে পর্যবেক্ষণমূলক তথ্য, সংখ্যাসূচক মডেলিং এবং তাত্ত্বিক কাঠামোর সংমিশ্রণের মাধ্যমে এনসো গতিবিদ্যার জটিলতাগুলি উন্মোচনে বিজ্ঞানীরা দেখিয়েছেন উল্লেখযোগ্য অগ্রগতি। তাদের তৈরী জলবায়ু মডেলগুলি এখন নির্ভুলভাবে এল নিনোর সূত্রপাত, তীব্রতা এবং সময়কালের পূর্বাভাস দিতে পারে, যা এল নিনোর বিপরীতে উপকূলীয় জনগোষ্ঠীর প্রস্তুতি এবং প্রতিক্রিয়ায় বিশেষ অবদান রাখে। এল নিনো বাংলাদেশের জন্য একটি নতুন চ্যালেঞ্জ, যার সুদূরপ্রসারী প্রভাব দেশের পরিবেশ এবং আর্থ-সামাজিক কাঠামোগুলোতে ইতোমধ্যেই পড়তে শুরু করেছে। তাই আমাদের জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে এল নিনো সংক্রান্ত জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন ক্ষমতা বাড়াতে সক্রিয় পদক্ষেপ নিতে হবে। জলবায়ুর পরিবর্তন সহনশীল অবকাঠামো নির্মাণ, টেকসই কৃষি অনুশীলন এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ অপরিহার্য। অধিকন্তু, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নিম্ন অর্থনীতির দেশগুলির জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও সংহতি প্রয়োজন।
“এল নিনো শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয় — এটি বাংলাদেশের খাদ্য, পানি, জীবিকা ও ভবিষ্যতের জন্য এক গুরুতর সতর্কবার্তা। সময়মতো পদক্ষেপ না নিলে সংকট আরও গভীর হবে।”
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন