পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ
ছাত্র আন্দোলন-পরবর্তী রাজনৈতিক পরিবর্তন এবং সুশাসন প্রতিষ্ঠার পথে নতুন যাত্রা
ছাত্র-জনতার বিক্ষোভ আর প্রতিবাদের মুখে সরকার পতন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঘোষিত অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য হবে দেশের সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের পুনর্জাগরণ।
রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরপেক্ষতা
রাজনৈতিক অস্থিরতা একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে দেয়। অন্তবর্তীকালীন সরকারের নিরপেক্ষ অবস্থান বজায় রাখা এবং সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পরবর্তি নির্বাচনে যেন প্রকৃতপক্ষে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে এবং গণতন্ত্র জয়যুক্ত হয় সে ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখতে হবে।
অর্থনীতি ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ
ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরবরাহ চেইন উন্নতকরণ এবং প্রয়োজনীয় পণ্যের জন্য সাবসিডি পরিচালনা করা যেতে পারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, জুন ২০২৪ সালে ৯.৭% মুদ্রাস্ফীতি হার রিপোর্ট করেছে, যা দেশের মানুষের জীবনযাত্রায় বহুমাত্রিক প্রভাব ফেলছে।
শিক্ষাব্যবস্থার সংস্কার
দুর্নীতি-মুক্ত প্রশাসন, রাজনীতি-মুক্ত শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করতে অন্তবর্তীকালিন সরকারের সারাসরি হস্তক্ষেপ প্রয়োজন। বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ২০২৩ অনুযায়ী, ৪০% শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক হস্তক্ষেপ দ্বারা প্রভাবিত। আমলাতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা বন্ধ করে বাস্তবিক, জীবনমুখী, কারিগরি শিক্ষার প্রচলন করতে হবে।
স্বাস্থ্যসেবা ও জনকল্যাণ
বাংলাদেশ স্বাস্থ্য সুবিধা জরিপ ২০২২ বলছে, মাত্র ৩৮% পাবলিক স্বাস্থ্য সুবিধা মৌলিক সেবা প্রদান করতে সক্ষম। অন্তবর্তীকালিন সরকারকে স্বাস্থ্যসেবার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি, চিকিৎসকদের পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান এবং প্রান্তিক পর্যায়ে এই সেবা পৌঁছে দিতে হবে।
মত প্রকাশের স্বাধীনতা
মত প্রকাশের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের অংশ। ২০২৩ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশ ১৮০ দেশের মধ্যে ১৬২ তম স্থান অর্জন করেছে। অন্তবর্তীকালিন সরকারকে এই মৌলিক অধিকারগুলি রক্ষা করতে হবে, যেন দেশের নাগরিক ও মিডিয়াগুলো স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে।
প্রশাসনিক সংস্কার ও বিচার বিভাগ
বিশ্ব বিচার প্রকল্প রুল অব ল ইনডেক্স ২০২৩ অনুযায়ী, বাংলাদেশ ১৪০ দেশের মধ্যে ১০৫ তম স্থান অর্জন করেছে। অন্তবর্তীকালিন সরকারকে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতা বাড়াতে হবে। জাতি, ধর্ম নির্বিশেষে নিশ্চিত করতে হবে সুষম আইন ও সমান অধিকার।
স্বচ্ছতা, জবাবদিহিতার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং জনগণের চাহিদাগুলির প্রতি গুরুত্ব দেওয়ার মাধ্যমে, অন্তবর্তীকালিন সরকার একটি বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করবে এমনটাই আশা করছে আঠারো কোটি সাধারণ মানুষ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন