এল নিনো: বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ ও বাংলাদেশ
প্রশান্ত মহাসাগরীয় উষ্ণতার প্রভাব এবং বাংলাদেশের কৃষি ও অর্থনীতির ওপর এর প্রতিফলন
এল নিনোর উৎপত্তি গ্রীষ্মমন্ডলীয় প্রশান্ত মহাসাগরে, যেখানে মহাসাগর এবং বায়ুমণ্ডলের মধ্যে পারস্পারিক মিথস্ক্রিয়ার ফলে জটিল জলবায়ু প্যাটার্ন সৃষ্টি হয়। এটি একটি প্রাকৃতিক আবহাওয়া চক্র যা নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রার পর্যায়ক্রমিক উষ্ণতা এবং শীতলকরণ হিসেবে পরিচিত। এল নিনোর অপ্রত্যাশিত এবং সুদূরপ্রসারী প্রভাবের কারণে বর্তমানে পৃথিবি জুড়ে নতুন সংকট সৃষ্টি হয়েছে।
এল নিনোর কার্যপ্রণালী
এর প্রভাবে নিরক্ষীয় অঞ্চলের স্বাভাবিক পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হওয়া বাতাসের দিক পরিবর্তিত হয়। মূলত, এল নিনোর বছরগুলোতে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক অর্থাৎ উত্তর আমেরিকার পেরু, চিলি অঞ্চল থেকে আসা বাণিজ্য বাতাসের শক্তি কমে যাওয়ার ফলে, পশ্চিম তথা অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া অঞ্চল থেকে একটি অপেক্ষাকৃত উষ্ণ বায়ু প্রচুর জলীয়বাষ্প নিয়ে পূর্ব দিকে স্থানান্তরিত হয়।
বৈশ্বিক প্রভাব ও প্রতিক্রিয়া
এই পরিবর্তনের ফলে উত্তর আমেরিকার পেরু, চিলি অঞ্চলে উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপের সৃষ্টি হয়, যেখানে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ায় নিম্ন তাপমাত্রা ও উচ্চচাপ দেখা দেয়। ফলে আমেরিকায় প্রচণ্ড বৃষ্টিপাত, বন্যা ও জলোচ্ছ্বাস দেখা যায়; অপরদিকে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবদাহ ও খরার সৃষ্টি হয়। এটি ফসল নষ্ট করে, খাদ্য নিরাপত্তাহীনতা বাড়ায় এবং জীববৈচিত্র্যকে বিপন্ন করে।
বাংলাদেশের ওপর প্রভাব
বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানের কারণে এল নিনোর বিরূপ প্রভাবের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। এল নিনোর কারণে দক্ষিণ এশিয়ার গ্রীষ্মকালীন বর্ষা দুর্বল হয়, যা বাংলাদেশের কৃষি ও পানি সম্পদের জন্য অত্যাবশ্যকীয়। ফলে বৃষ্টিপাত কম হয় এবং দেশের বিভিন্ন অংশে খরার পরিস্থিতি সৃষ্টি হয়। এছাড়া, দেশটি স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা অনুভব করে, যা ফসলের উৎপাদনকে মারাত্মকভাবে প্রভাবিত করে।
ঐতিহাসিক উদাহরণ ও ক্ষয়ক্ষতি
১৯৯৮ সালের বিধ্বংসী বন্যা এল নিনোর কারণে আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হয়েছিল। ১৯৮৭ ও ১৯৯৭ সালের খরা এবং ২০১৫-১৬ সালের এল নিনো ধানের উৎপাদন কমিয়ে মুদ্রাস্ফীতি ও খাদ্য ঘাটতির সৃষ্টি করেছিল। এর ফলে ভূমিহীন শ্রমিক এবং ক্ষুদ্র কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। জলবায়ু-প্ররোচিত অভিবাসন এবং বাস্তুচ্যুতি সমাজের অস্থিরতা বাড়িয়ে তোলে।
প্রতিকার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা
বিজ্ঞানীরা এখন জলবায়ু মডেলের মাধ্যমে এল নিনোর পূর্বাভাস দিতে পারছেন। এল নিনোর বিরূপ প্রভাব প্রশমিত করতে জলবায়ু পরিবর্তন সহনশীল অবকাঠামো নির্মাণ, টেকসই কৃষি অনুশীলন এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ অপরিহার্য। পাশাপাশি, নিম্ন অর্থনীতির দেশগুলির জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও সংহতি জরুরি।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন