খেলাধুলা বনাম পড়ালেখা: হারিয়ে যাওয়া শৈশবের গল্প
শিক্ষার নামে খেলার সরঞ্জাম কেড়ে নেওয়ার সংস্কৃতি কি প্রতিভাকে বিকশিত হতে দেয়?
জীবন থেকে পুরো একটা দশক হারিয়ে ফেলেছিলাম তখন। ক্রিকেটে ভালো কিপিং করতাম আর ফুটবলে ছিলাম প্রাথমিক বিদ্যালয়ের গোলরক্ষক, ছিলাম ভরসার সর্বশেষ স্তম্ভ। পড়াশোনার ফাঁকে, মধ্যবিরতি কিংবা স্বল্প অবসরেই নেমে জেতাম বিদ্যালয়ের ছোট্ট মাঠে। গা গরমের খেলায় জয় পরাজয় তো থাকতোই। সেবার ভালো খেলার ফলাফল স্বরূপ উপজেলা পর্যায়েও আমরা ভালো করতে পেরেছিলাম।
শৈশবের খেলা ও স্কুলজীবনের বাধা
তারপর সমাপনী দিয়ে আসি মাধ্যমিকে। বড় ক্লাস, পড়াশোনা বেড়েছে, তাগাদা কমেছে মাঠের ফুটবলে। স্কুল থেকে ক্রিকেট, ফুটবলে জেলা, উপজেলা পর্যায়ে নেই কোন অংশগ্রহণ। ফলে ভাটা পড়লো আমাদের খেলায়, আমাদের ফুটবলে। পড়ালেখায় পিছিয়ে পড়ব বলে, সব কিছু থাকার পরেও স্কুল থেকে সরবাহ করা হতো না খেলাধুলার যাবতীয় সরঞ্জাম। স্কুল পালিয়ে খেলার অপরাধে জন্মের মার খেয়েছিলাম একদিন! সেই যে ফুটবল ছেড়েছি, ক্রিকেট ছেড়েছি, কোন প্রতিষ্ঠানের হয়ে দ্বিতীয় বার আর খেলা হয়ে ওঠেনি।
প্রতিভার অপচয় ও মানসিক অবসাদ
বলছিলাম আমাদের ফুটবলের কথা, আমাদের ক্রিকেটের কথা, পড়ালেখার পিছনে ছুটতে গিয়ে আমরা কিভাবে হারিয়ে গেছি নিয়মের খাদে, আশা-প্রত্যাশার প্রতিদান দিতে কিভাবে বলি দিয়েছি ফুটবল কিংবা ক্রিকেটের স্বপ্ন। যে খেলাধূলার সূচনাই ছিল শরীর গঠন, শরীরকে সুস্থ ও সবল রাখা, সুস্বাস্থ্য অর্জন।
কথা হচ্ছে, হাতের বল, পড়নের জার্সি কেড়ে নিয়ে আসলেই কি একটা ছেলেকে বইয়ের লেখায় দিক্ষা দেওয়া যায়? নাকি খেলাধুলাটা জীবনেরই অবিচ্ছেদ্য অংশ। একটা প্রজন্ম বড় হয়ে গেছে ক্রিকেট, ফুটবলকে উপেক্ষা করেই। পড়ালেখার তাগাদায় যারা হারিয়েছে তাদের দূরন্ত শৈশব।
বাস্তবতা ও অর্জিত সাফল্যের প্রশ্ন
একটা মানুষ শুধু পড়ালেখাতেই বাঁচে না, স্যার। মানুষের বেঁচে থাকায় প্রত্যেকটা মৌলিক চাহিদাই প্রয়োজন সমান অনুপাতে, ভাতের খুদা ভাতে মিটলে ফুটবলের খুদা মিটবে ফুটবলেই। প্রাতিষ্ঠানিক ভাবে ছাত্রদের খেলাধুলায় নিরুৎসাহিত করার এই ধর্ম কালক্রমেই চলছে, কারোরই নেই এ বিষয়ে সময় উপযোগী ভাবনা। পড়ালেখাটা গুরূত্বপূর্ণ কিন্তু পড়ালেখাটাই সব না। বাঁচতে হলে পড়তে হবে, খেলতেও হবে।
এই যে অবহেলায়, নিরুৎসাহে পূর্ণ বিকশিত হওয়ার আগেই এই প্রতিভা গুলো নিঃশব্দে, নিরবে হারিয়ে গেল তার খবর কি কেউ রেখেছে? বাবা মায়ের বাক-বিতণ্ডা কিংবা বেত্রাঘাতের ভয়ে যে ছেলে গুলো নিজের স্বপ্ন ভুলেছে, খেলা ছেড়েছে, দিনশেষে এই মানুষগুলো কি আসলেই প্রতিষ্ঠিত হয়েছে? পারেনি। অথচ যদি এরা ফুটবলে সময় দিত, ক্রিকেটে সময় দিত, তাহলে হয়তো ভিন্ন কিছু হতে পারত, ক্রিকেট, ফুটবলে তৈরী হত আরও দুই-চারটা সাকিব, জামাল ভূঁইয়া।
"দুর্বল মস্তিষ্ক কিছু করতে পারেনা। আমাদেরকে ইহা পরিবর্তন করে সবল মস্তিষ্ক হিসেবে তৈরি করতে হবে। তোমরা সবল হও, গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের সমীপবর্তী হবে।"
পথচলার নতুন দিগন্ত
দিনশেষে ভালো কিছু পেতে প্রত্যাশার লিস্টটা ছোট করে দিন। বিপরীতে বড় করুন ভালোবাসা এবং ভালো রাখার দায়িত্বটাও, সন্তানের খুব একটা ভাল বন্ধু হয়ে যান। পূরণ করুন তার ছোট ছোট ইচ্ছেগুলো। দেখুন, সে কোন কাজটা ভালো করে। পড়ালেখার পাশাপাশি তাকে ঐ বিষয়টা চর্চা করার সুযোগ দিন। খেলাধুলার মাধ্যমে সুযোগ করে দিন পূর্ণ বিকশিত হওয়ার। দিনশেষে এই সার্টিফিকেট, ডিগ্রির আসলেই কোনো মূল্য নেই। কেবল যোগ্যতার বলেই সবাই টিকে থাকে, থাকবে। টিকে থাকার এই যুদ্ধে আপনার সন্তানকে প্রস্তুত করুণ যোগ্যতম হিসেবেই।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন