প্রাকৃতিক সুপারফুড স্পাইরুলিনার সম্ভাবনা

সেয়ার: 0
প্রাকৃতিক সুপারফুড স্পাইরুলিনার সম্ভাবনা - মৎস্যচাষে নতুন দিগন্ত

প্রাকৃতিক সুপারফুড স্পাইরুলিনার সম্ভাবনা

মৎস্যচাষে টেকসই উন্নয়নের নতুন দিগন্ত ও খাদ্য নিরাপত্তার ভবিষ্যৎ

মৎস্যচাষ আধুনিক কৃষি ও খাদ্য নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু মাত্রাতিরিক্ত সামুদ্রিক মাছ আহরণ, মাছ চাষে খাদ্য বাবদ অতিরিক্ত ব্যয়, পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে মানুষের নিত্যদিনের প্রোটিন চাহিদা মেটাতে কেবল মাছের উৎপাদন বাড়ানোই যথেষ্ট নয়—মাছের পুষ্টিমান, স্বাস্থ্য ও চাষের অনুকূল পরিবেশ নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ।

বর্তমান চ্যালেঞ্জ ও সমস্যা

সাধারণভাবে প্রস্তুতকৃত মাছের খাদ্যে উল্লেখযোগ্য পরিমাণে মাছের গুঁড়ো ব্যবহার করা হয়, যার অধিকাংশই আসে সামুদ্রিক মাছ থেকে। মাছের খাদ্যের অন্যান্য উপাদানও ব্যয়বহুল ও অপেক্ষাকৃত কম নিরাপদ। এতে একদিকে যেমন সামুদ্রিক মাছের মজুত হ্রাস পাচ্ছে, অন্যদিকে বাড়ছে মাছের খাদ্যের সামগ্রিক ব্যয়। অতিরিক্ত খাদ্য উপাদান ব্যবহারের ফলে নষ্ট হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। এই পরিস্থিতিতে একটি কার্যকর বিকল্পের প্রয়োজনীয়তা অপরিসীম।

স্পাইরুলিনা: একটি পরিচিতি

এই প্রেক্ষাপটে প্রাকৃতিক 'সুপারফুড' হিসেবে সাম্প্রতিক সময়ে মৎস্যচাষিদের কাছে স্পাইরুলিনা বিশেষ গুরুত্ব পেয়েছে এবং এর উৎপাদনেও এসেছে উল্লেখযোগ্য অগ্রগতি। মূলত এটি একটি সর্পিলাকার নীলাভ-সবুজ শৈবাল, যা কেবল মানুষের জন্যই উপকারী নয়, মাছের জন্যও এক অমূল্য সম্পূরক খাদ্য। গবেষণায় দেখা গেছে, এই শৈবালে প্রোটিনের ঘনত্ব প্রায় ৫৫–৭০%, যা চাষের মাছের পেশি গঠন ও দৈহিক বৃদ্ধি ত্বরান্বিত করে।

পুষ্টিগুণ ও উপকারিতা

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর তথ্যমতে, কোষপ্রাচীর সেলুলোজমুক্ত হওয়ায় মাত্র ১৮ ঘণ্টার মধ্যেই মানবদেহে স্পাইরুলিনার ৮৫ শতাংশের বেশি প্রোটিন শোষিত হয়। মজার ব্যাপার হলো, স্পাইরুলিনা খাওয়ানো মাছ সাধারণ খাদ্য পাওয়া মাছের চেয়ে অনেক বেশি দ্রুত বড় হয়। শুধু এতটুকুই নয়—প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতাও প্রায় ২০–২৫% পর্যন্ত বেড়ে যায়। যে কারণে পুকুরে পানির গুণমান মাঝেমধ্যে খারাপ হলেও মাছ তুলনামূলক নিরাপদ থাকে।

ভিটামিন ও খনিজ উপাদান

স্পাইরুলিনায় রয়েছে ভিটামিন বি-১, বি-২, বি-৬, বি-১২, ভিটামিন ই, আয়রন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও ফসফরাসসহ নানা প্রয়োজনীয় খনিজপদার্থ, যা মাছের ফিড কনভার্শন রেশিও (FCR) কমিয়ে উৎপাদন ব্যয়কে সহনীয় পর্যায়ে রাখে। এছাড়া এতে থাকা ফাইকোসায়ানিন নামক রাসায়নিক যৌগ ক্যান্সার কোষের বৃদ্ধি ধীর করে। এর উচ্চমানের প্রোটিন, গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মাছের মৃত্যুহার হ্রাস করে এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রয়োজনীয়তা কমিয়ে আনে।

চাষ পদ্ধতি ও সাশ্রয়ী উৎপাদন

স্পাইরুলিনা উৎপাদনের বিষয়টি তুলনামূলক সহজ। পুকুর, রেসওয়ে কিংবা ছোট ট্যাংক—যেখানেই হোক, অ্যারেটর বা প্যাডেল হুইল ব্যবহার করে এটি সহজেই চাষ করা যায়। তাপমাত্রা ২৮–৩৪°C, pH ৭–১১ আর লবণাক্ততা ২০–২৫ ppt হলে উৎপাদন খুব ভালো হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'নিউট্রি সি ল্যাব' উদ্ভাবিত NPK ফর্মুলা সেই গবেষণার বড় সাফল্য—কারণ এতে ১ কেজি স্পাইরুলিনা উৎপাদন খরচ নেমে আসে প্রায় ১,০৪০ টাকায়, যা প্রচলিত পদ্ধতির তুলনায় অনেক সাশ্রয়ী।

চিংড়ি চাষে ভূমিকা ও ভবিষ্যৎ সম্ভাবনা

মাছই নয়, চিংড়ি চাষেও স্পাইরুলিনার কার্যকারিতা বেশ চমকপ্রদ। চিংড়ির বৃদ্ধি, রোগপ্রতিরোধ, সারভাইভাল রেট—সবকিছুতেই এটি উন্নতি ঘটায়। এটি পানির স্বচ্ছতা বাড়ায়, পুকুরের জৈব ভারসাম্য বজায় রাখে এবং তলদেশে বর্জ্য জমা কমায়। স্পাইরুলিনা মাছের প্রজনন ক্ষমতাও বাড়ায়—ডিমের মান ভালো হয়, পোনা হয় সবল এবং বেঁচে থাকার হারও বাড়ে। ভিশন ২০৪১ ও এসডিজি (SDG) লক্ষ্যমাত্রা অর্জনের পথে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণে স্পাইরুলিনা হতে পারে মাছের অন্যতম বিকল্প খাদ্য উৎস।

জাতীয় পর্যায়ে স্পাইরুলিনা উৎপাদন বৃদ্ধি, প্রশিক্ষণ কর্মশালা আয়োজন এবং টেকসই বাজার ব্যবস্থা নিশ্চিত করতে পারলে মৎস্যখাতে বিপ্লব আসবেই। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ এখন সময়ের দাবি।

লেখক Md. Rafsan

মো. রাফছান একজন লেখক, কলামিস্ট, সংগঠক ও গ্রাফিক্স ডিজাইনার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স-এর শিক্ষার্থী এবং তরুণ কলাম লেখক ফোরাম, চবি-র প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা। সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে তরুণদের সঙ্গে কাজ করছেন। সঠিক তথ্য, সচেতনতা এবং সহযোগিতার মাধ্যমে একটি সমতা ও মানবিকতা-ভিত্তিক সমাজ গড়াই তাঁর মূল উদ্দেশ্য।

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন