স্পাইরুলিনা: মাছের খাদ্যে প্রাকৃতিক সুপারফুড
মৎস্যচাষে টেকসই বিকল্প ও পুষ্টি নিরাপত্তার নতুন সম্ভাবনা
প্রায় ৮.২ বিলিয়ন মানুষের এই ছোট্ট পৃথিবীতে মৎস্যচাষ আধুনিক কৃষি ও খাদ্য নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু মাত্রাতিরিক্ত সামুদ্রিক মাছ আহরণ, মাছ চাষে খাদ্য বাবদ অতিরিক্ত ব্যয়, পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে মানুষের নিত্যদিনের প্রোটিন চাহিদা মেটাতে কেবল মাছের উৎপাদন বাড়ানোই যথেষ্ট নয়—মাছের পুষ্টিমান, স্বাস্থ্য ও চাষের অনুকূল পরিবেশ নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ।
বর্তমান মৎস্যখাদ্যের চ্যালেঞ্জ
সাধারণভাবে প্রস্তুতকৃত মাছের খাদ্যে উল্লেখযোগ্য পরিমাণে মাছের গুঁড়ো ব্যবহার করা হয়, যার অধিকাংশই আসে সামুদ্রিক মাছ থেকে। মাছের খাদ্যের অন্যান্য উপাদানও ব্যয়বহুল ও অপেক্ষাকৃত কম নিরাপদ। এতে একদিকে যেমন সামুদ্রিক মাছের মজুত হ্রাস পাচ্ছে, অন্যদিকে বাড়ছে মাছের খাদ্যের সামগ্রিক ব্যয়। অতিরিক্ত খাদ্য উপাদান ব্যবহারের ফলে নষ্ট হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। এই প্রেক্ষাপটে প্রাকৃতিক ‘সুপারফুড’ হিসেবে স্পাইরুলিনা বিশেষ গুরুত্ব পেয়েছে।
স্পাইরুলিনা: একটি পরিচিতি
মূলত এটি একটি সর্পিলাকার নীলাভ-সবুজ শৈবাল, যা কেবল মানুষের জন্যই উপকারী নয়, মাছের জন্যও এক অমূল্য সম্পূরক খাদ্য। গবেষণায় দেখা গেছে, এই শৈবালে প্রোটিনের ঘনত্ব প্রায় ৫৫–৭০%, যা চাষের মাছের পেশি গঠন ও দৈহিক বৃদ্ধি ত্বরান্বিত করে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর তথ্যমতে, কোষপ্রাচীর সেলুলোজমুক্ত হওয়ায় মাত্র ১৮ ঘণ্টার মধ্যেই মানবদেহে স্পাইরুলিনার ৮৫ শতাংশের বেশি প্রোটিন শোষিত হয়।
পুষ্টিগুণ ও উপাদান
স্পাইরুলিনায় রয়েছে ভিটামিন বি-১, বি-২, বি-৬, বি-১২, ভিটামিন ই, আয়রন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও ফসফরাসসহ নানা প্রয়োজনীয় খনিজপদার্থ, যা মাছের ফিড কনভার্শন রেশিও (FCR) কমিয়ে উৎপাদন ব্যয়কে সহনীয় পর্যায়ে রাখে। এছাড়া এতে থাকা ফাইকোসায়ানিন নামক রাসায়নিক যৌগ ক্যান্সার কোষের বৃদ্ধি ধীর করে এবং এর অ্যান্টিঅক্সিডেন্ট মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
মাছের স্বাস্থ্য ও বৃদ্ধির সুফল
গবেষণায় দেখা গেছে, স্পাইরুলিনা-সমৃদ্ধ খাদ্য খাওয়া মাছের প্রতিকূল পরিবেশে টিকে থাকার সক্ষমতা ২০–২৫% পর্যন্ত বেড়ে যায়। এটি মাছের রঙ, স্বাদ ও পেশির মান উন্নত করে এবং ব্যাকটেরিয়া, ভাইরাস ও অন্যান্য রোগজীবাণুর সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। ফলে চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক বা রাসায়নিক ওষুধ ব্যবহারের প্রয়োজনীয়তা অনেকাংশে কমে যায়।
উৎপাদন পদ্ধতি ও সাশ্রয়ী ফর্মুলা
সাধারণত জারুক মিডিয়া ব্যবহার করে স্পাইরুলিনা চাষ করা হয়, যা ব্যয়বহুল। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘নিউট্রি সি ল্যাব’ কর্তৃক উদ্ভাবিত NPK ফর্মুলায় ১ কেজি স্পাইরুলিনার উৎপাদন খরচ মাত্র ১,০৪০ টাকা, যেখানে জারুক মিডিয়ায় খরচ প্রায় ৮,০৪২ টাকা। সঠিক তাপমাত্রা (২৮–৩৪°C), pH (৭–১১) এবং লবণাক্ততা বজায় রাখলে সর্বোচ্চ উৎপাদন পাওয়া যায়।
চিংড়ি চাষ, প্রজনন ও ভবিষ্যৎ সম্ভাবনা
স্পাইরুলিনার ব্যবহার শুধু মাছ চাষেই সীমাবদ্ধ নয়, চিংড়ি চাষেও এর কার্যকারিতা প্রমাণিত। এটি চিংড়ির দ্রুত বৃদ্ধি, উচ্চ সারভাইভাল রেট এবং মাছের প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ উদ্যোগে জাতীয় পর্যায়ে স্পাইরুলিনা উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করতে পারলে ভিশন ২০৪১ ও এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে মৎস্যখাত বিশেষ অবদান রাখবে।
স্পাইরুলিনা কেবল একটি সম্পূরক খাদ্যই নয়; এটি মৎস্যচাষের জন্য একটি প্রাকৃতিক সুপারফুড। সঠিক পৃষ্ঠপোষকতা ও বাজার ব্যবস্থা নিশ্চিত করতে পারলে এটি বাংলাদেশের মৎস্যখাতে নতুন বিপ্লব এনে দেবে এবং হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন