চবি মেরিন সায়েন্স ইনস্টিটিউটের ৪ দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স
ইকোসিস্টেম সুরক্ষা ও সমুদ্র ভিত্তিক পরিকল্পনায় গুরুত্ব দিতে হবে: মৎস্য উপদেষ্টা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের আয়োজনে ‘মেরিন ফিশারিজ অ্যান্ড ব্লু ইনোভেশন: সেইফগার্ডিং ওশান হারমোনি’ শীর্ষক চার দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশন মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) চট্টগ্রাম নগরের দ্য পেনিনসুলা হোটেলে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
প্রধান অতিথির বক্তব্য
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, সমুদ্র বিজ্ঞানে বাংলাদেশে অত্যন্ত দক্ষ গবেষক ও বিজ্ঞানী আছেন। নীতিনির্ধারণে তাদের গবেষণালব্ধ তথ্য প্রাধান্য দিতে হবে। ইকোসিস্টেম সুরক্ষা, সমুদ্র ভিত্তিক পরিকল্পনা এবং জলবায়ু সহনশীল মৎস্য ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এবং অবৈধ, অপ্রকাশিত ও অনিয়ন্ত্রিত মাছ ধরা একক দেশের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়; এজন্য আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদার করতে হবে।
উপাচার্যের বক্তব্য
চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হলো গবেষণা, উদ্ভাবনের মধ্যে দিয়ে নতুন নতুন ধারণা সৃষ্টি করা। বাংলাদেশে সমুদ্র সম্পদ নিয়ে গবেষণার অবারিত সুযোগ রয়েছে। ক্যাম্পাসে ওশান স্যাটেলাইট স্থাপন হচ্ছে, যার মাধ্যমে সমুদ্র গবেষণায় সমৃদ্ধ হওয়া যাবে। সীমিত সমুদ্র সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে হবে।
বিশেষ অতিথিদের বক্তব্য
উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, আমাদের ১ লাখ ১৮ হাজার ৮৩০ বর্গকিলোমিটার সমুদ্র এলাকা সম্পদে ভরপুর। বঙ্গোপসাগর ফিশারিজ, হাইড্রো কার্বন মিনারেল ও বায়োডাইভারসিটিতে সমৃদ্ধ। উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য সুনীল অর্থনীতির প্রয়োজন রয়েছে।
প্রবাসী ও স্থানীয় গবেষকদের অংশগ্রহণ
সেমিনারে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের বিজনেস স্কুলের ড. পিয়ের ফাইলার ও ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের পরিচালক ড. শেখ আফতাব উদ্দিন আহমেদ বক্তব্য দেন। চীন, রাশিয়া, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আগত গবেষকবৃন্দ এতে অংশ নেন। বক্তারা সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং ব্লু ইকোনমির মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের গুরুত্বের ওপর জোর দেন।
৫০ বছরের গৌরবময় পথচলা
উদ্বোধনী অধিবেশনে ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সেসের গৌরবময় ৫০ বছরের পথচলা নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুর রউফ ও বাংলাদেশ সি-রিসোর্স গ্রুপের পরিচালক রুমানা রউফ চৌধুরী।
দেশ-বিদেশের গবেষকদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলন থেকে সমুদ্র গবেষণায় নতুন ধারণা উঠে আসবে, যা বাংলাদেশের সুনীল অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন